জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সঙ্গে মেলে বলে মন্তব্য করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্যটি করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন নজরুল ইসলাম।
তিনি বলেন, জোবায়েদ হত্যার পুরো হত্যার পরিকল্পনাটি ছিল বর্ষার। বরগুনার মিন্নির ঘটনার সঙ্গে এই ঘটনার অনেক মিল রয়েছে। মেয়েটি কারও সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখাতে পারেনি। শেষ পর্যন্ত সে নিজেই হত্যার পরিকল্পনা করে।
জোবায়েদ হত্যাকাণ্ডের মূল ঘটনাটি মূলত ত্রিভুজ প্রেমের। বর্ষার হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তার প্রেমিক মাহির রহমান। নিজের অন্তিম সময়ে জোবায়েদ তার ‘প্রেমিকা’ বর্ষার কাছে নিজেকে রক্ষার আকুতি জানিয়েছিলেন। কিন্তু বর্ষা তাকে বলেন, তুমি না সরলে আমি মাহিরের হতে পারবো না। কিছুক্ষণ পরই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জোবায়েদ।

নিজস্ব প্রতিবেদক 










